৩ সেপ্টেম্বর ২০১৬ - ০১:২৯
পাকিস্তানে নিষিদ্ধ হচ্ছে ভারতীয় টিভি চ্যানেল

পাকিস্তানে নিষিদ্ধ হতে চলেছে প্রতিবেশী রাষ্ট্র ভারতের টিভি চ্যানেলগুলোর সম্প্রচার।

আবনা ডেস্ক: পাকিস্তানে নিষিদ্ধ হতে চলেছে প্রতিবেশী রাষ্ট্র ভারতের টিভি চ্যানেলগুলোর সম্প্রচার। সম্প্রতি পাকিস্তান ইলেক্ট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি (পিইএমআরএ) বিদেশি চ্যানেল সম্প্রচারের ওপর বেশ কিছু বিধিনিষেধ আরোপের সিদ্ধান্ত নিয়েছে। পিইএমআরএর ওই বিধিনিষেধের ফলে ভারতীয় টিভি চ্যানেল দেখতে পারবে না পাকিস্তানের জনগণ। চলতি বছর সেপ্টেম্বর-অক্টোবরের মধ্যেই পাকিস্তানে ডিটিএইচ পরিসেবা চালু হচ্ছে। একই সঙ্গে সব ধরনের ভারতীয় টিভি চ্যানেলের সম্প্রচার অবিলম্বে বন্ধ করারও নির্দেশ দিয়েছে পিইএমআরএ।
বুধবার পিইএমআরএর চেয়ারম্যান আবসার আলম জানান, কেবল অপারেটর এবং স্যাটেলাইট চ্যানেলগুলোকে নির্দেশ দেয়া হয়েছে, বিদেশি বিষয়বস্তুর সম্প্রচার নিয়ন্ত্রণ করতে হবে। প্রাইম টাইমে বিদেশি অনুষ্ঠান দেখানো যাবে না। তিনি আরো বলেন, পাকিস্তানে ভারতের যেসব টিভি চ্যানেলের সম্প্রচারের অনুমতি নেই, সেগুলোও শিগগিরই বন্ধ করে দেয়া হবে।
প্রসঙ্গত, পাকিস্তানের আইন অনুযায়ী, দিনে মাত্র ২ ঘণ্টা ৪০ মিনিট বিদেশি টিভি চ্যানেল দেখানোর অনুমতি রয়েছে। কিন্তু দেশের অধিকাংশ টিভি চ্যানেল এর চেয়ে অনেক বেশি সময় ভারতসহ অন্যান্য দেশের চ্যানেলের অনুষ্ঠান সম্প্রচার করছে।